ফের শাবিপ্রবি-তে গাছ কাটার অভিযোগ

৬ মে, ২০২৩ ০৮:৫৬  

বনবিভাগের অনুমতি ছাড়াই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গাছ কাটার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ড ও মেডিকেলের মধ্যবর্তী রাস্তায় বড় ও মাঝারি সাইজের চারটি গাছের মূল কাটা হয়েছে। এছাড়া কয়েকটি গাছের ডালপালা কাটা হয়েছে।

এর আগেও ক্যাম্পাসের কিলোরোডসহ বিভিন্ন জায়গায় গাছের ডালপালা কাটা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

আবারও শুক্রবার (৫ মে) দুপুরে ক্যাম্পাসের মেডিকেল সংলগ্ন রাস্তায় গাছ কাটা দেখা গেছে।

মূলত দুর্ঘটনা এড়াতে গাছ ও গাছের ডালপালা কাটা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার প্রধান এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল বিভাগের অধ্যাপক রোমেল আহমদ। গণমাধ্যমকে তিনি বলেছেন, যে গাছগুলো কাটা হয়েছে সেগুলোর ভেতর ফাঁপা। ঝড়বৃষ্টিতে যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তাই এগুলো কাটা হয়েছে। এছাড়া ঝড়ের দুর্ঘটনা এড়াতে এককিলো রোডে আরও কিছু নষ্ট গাছ কাটা হবে।

মস্যায় জর্জরিত গাছগুলো কাটতে বন বিভাগের পরামর্শ আছে জানিয়ে এস্টেট শাখার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এ জেড এম তামরিনুল হাসান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের চারটি আকাশমনি গাছ কাটা হয়েছে।

তবে সিলেট জেলা বন অফিসের রেঞ্জ কর্মকর্তা শহিদুল্লাহ গাছ কাটার বিষয়ে শাবিপ্রবি প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, বনবিভাগের সহায়তায় গত দুবছরে ৪৫ হাজার গাছ লাগানো হয়েছে। প্রয়োজনে যেখান থেকে নষ্ট গাছ কাটা হয়েছে সেখানে পুনরায় চারা লাগানো হবে।